বাংলার আকাশ ডেস্ক :
সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে বৈঠকটি শুরু হয়।
সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের পক্ষে বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আলোচনার এজেন্ডায় রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর শিল্পে অংশীদারত্ব জোরদারসহ বিভিন্ন বিষয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দক্ষ জনশক্তি রপ্তানি, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ও সফরসঙ্গীরা।
এ সময় সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন রাখা হয়েছে, যেখানে মালয়েশিয়ার শিল্পীরা বাংলা ও মালয় ভাষায় গান পরিবেশন করবেন।
সরকারি সূত্রের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে।