বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফরিদপুর সদর হাসপাতালে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৮টা ৪৫ মিনিটে বেগম রোকেয়া, মেট্রন ও সিনিয়র স্টাফ নার্সদের নেতৃত্বে একটি র্যালি হাসপাতাল চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
পরে সকাল ৯টায় হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গণেশ কুমার আগারওয়াল, ডা. মোস্তফা আরিফসহ হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন প্রয়োজন”—এই প্রতিপাদ্য নার্সদের গুরুত্বকে তুলে ধরে। তারা বলেন, নার্সিং মানবসেবার একটি গুরুত্বপূর্ণ পেশা, রোগীদের সেবা ও সুস্থতায় নার্সদের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে মানবসেবায় আরও এগিয়ে যেতে হবে। সংকটকালীন সময়ে নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকেন, তাদের ধৈর্য, ত্যাগ ও মানবিকতা সমাজে প্রশংসিত বলে উল্লেখ করা হয়।