বাংলার আকাশ ডেস্ক :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কাটপট্টিস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছা।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এএফএফএম কাইয়ুম জঙ্গি, যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রতিশ্রুতি, ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখা এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী ২০ মে শহরের কোর্ট চত্বরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ এবং ২১ মে ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।