বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন মীর মালতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্মৃতি আক্তারের সঙ্গে অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডলের পাড়া গ্রামের শাহীন মীর মালতের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে মেয়ের সংসার টিকিয়ে রাখতে স্মৃতির পরিবার প্রায় এক লাখ টাকা দিলেও পরে আরও তিন লাখ টাকা দাবি করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ জানুয়ারি রাতে যৌতুকের দাবিতে স্মৃতি আক্তারকে ঘরের ভেতর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি ভিন্নখাতে নিতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে আসামি পালিয়ে যায়।
পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে কোতোয়ালি থানার এসআই সুজন বিশ্বাস শাহীন মীর মালতকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী বলেন, এই রায়ের মাধ্যমে যৌতুকের মতো অপরাধের বিরুদ্ধে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা যাবে।