বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ আঞ্চলিক পর্যায়ের খেলার উদ্বোধন করা হয় রোববার সকালে।
প্রথম দিনের খেলায় ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয় ফরিদপুর স্টেডিয়ামে। প্রতিযোগিতায় স্বাগতিক ফরিদপুরসহ গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচ ১০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।
উদ্বোধনের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আয়োজকরা জানান, এই আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে নতুন সুযোগ তৈরি হবে।