বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও হেল্পার নিহত হয়েছেন।
শনিবার ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে ভাঙ্গা থানাধীন ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে ভাঙ্গামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে সেটি এক্সপ্রেসওয়ের পাশে থামানো হয়। পরে চালক ও হেল্পার চাকা মেরামতের কাজ করার সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক ইউসুফ (৫০) ও হেল্পার ইয়াকুব (২৬) নিহত হন। তারা উভয়েই যশোর জেলার কোতোয়ালি থানার রূপদিয়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।