বাংলার আকাশ ডেস্ক :
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো. আইয়ুব মোল্লা (৩৭)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার বাসিন্দা এবং আ. জলিল মোল্লার ছেলে।
র্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দুপুর আনুমানিক ২টা ১ মিনিটে গোয়ালন্দঘাট থানার গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তার বিরুদ্ধে ২০১৪ সালের একটি মাদক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে স্বীকার করেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।