বাংলার আকাশ ডেস্ক :
রাজশাহীতে গৃহবধূ ঋতু খাতুন ওরফে রিয়া (২২) হত্যার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল।
শুক্রবার রাতে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। পরে মিছিলটি মনিচত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হচ্ছে না।
গত বুধবার (১৩ মে) সকালে নগরীর ধরমপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পরকীয়া ও যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় তারা দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।