দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনের নতুন দুই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আইনি বিধান অনুসরণে তাঁরা আগামী ৫ বছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। অন্যদিকে নবনিযুক্ত দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া হাইকোর্ট বিভাগের বিচারপতির সমমানের পদমর্যাদা ও সুবিধাদি পাবেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর পদগুলো শূন্য হয়। পরবর্তীতে নতুন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে প্রধান করে এক সদস্যের সুপারিশ কমিটি গঠিত হয়। উক্ত কমিটির সুপারিশ ও যাচাই-বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগ দেওয়া হলো।