ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া তৈরি হতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।