দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মধ্যস্থতায় নতুন করে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর বা তার পরপরই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই আলোচনা শুরু হতে পারে।
বুধবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকের পর ক্রেমলিনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়। বৈঠকের শুরুতেই কূটনৈতিক সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়াতে দীর্ঘদিন ধরে আটক ৭৪ বছর বয়সী অবসরপ্রাপ্ত মার্কিন শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়া হয়। ট্রাম্পের বিশেষ অনুরোধে তাঁকে এই মুক্তি দেওয়া হলো।
ক্রেমলিন জানিয়েছে, আবুধাবিতে প্রস্তাবিত ত্রিপক্ষীয় আলোচনাটি প্রাথমিকভাবে কারিগরি পর্যায়ে পরিচালিত হবে। এতে যুদ্ধের পর ইউক্রেন ও রাশিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো প্রাধান্য পাবে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।
তবে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও দুই দেশের কূটনৈতিক অবস্থানের ব্যবধান এখনও অনেক বড়। পুতিনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওপর রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদান না করা। এছাড়া সাময়িক যুদ্ধবিরতির বদলে একটি দীর্ঘমেয়াদি ও সামগ্রিক শান্তিচুক্তির ওপর জোর দিচ্ছে মস্কো।
ইউক্রেনের প্রস্তাবে মস্কোর অসন্তোষ
পুতিনের সঙ্গে বৈঠকের একদিন আগে নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত উইটকফ। সেখানে ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা, অর্থনৈতিক পুনর্গঠন ও ইউরোপের বৃহত্তর নিরাপত্ত ব্যবস্থা সংক্রান্ত নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়।
তবে অসলো আলোচনার ফলাফলে মস্কো যে পুরোপুরি সন্তুষ্ট নয়, তা স্পষ্ট করে দিয়েছেন ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ। তিনি জানান, অসলোতে উত্থাপিত বেশ কিছু বিষয় রাশিয়ার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, ট্রাম্প ইউক্রেনকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর জন্য চাপ তৈরি করছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে যুদ্ধ শেষ করার বিষয়ে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে, অন্যথায় দেশটির জন্য ‘খুব খারাপ কিছু’ অপেক্ষা করতে পারে। প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্য পুতিন ও ট্রাম্পের সঙ্গে সরাসরি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে যুদ্ধের জটিল বিষয়গুলো নিষ্পত্তির পক্ষে। কিন্তু ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, পুতিন ও জেলেনস্কির যেকোনো শীর্ষ বৈঠক ফলপ্রসূ করতে হলে আগে থেকেই বিস্তারিত প্রস্তুতি নিতে হবে।
মুক্তি পেলেন মার্কিন শিক্ষক হাবার্ড
মুক্তি পাওয়া স্টিফেন হাবার্ড যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের ইজিউম শহর থেকে তাঁকে আটক করেছিল রুশ বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনীর হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে তাঁকে ৬ বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তবে হাবার্ডের পরিবার ও আইনজীবী এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। হাবার্ড নিজে দাবি করেছিলেন, তিনি কোনো সামরিক ইউনিটে যুক্ত ছিলেন না। পুতিন উইটকফকে জানান, হাবার্ড সেন্ট পিটার্সবার্গের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মুক্তিকে সদিচ্ছার বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানান মার্কিন দূত।
ইরান সংকট ও অর্থনৈতিক সহায়তার প্রস্তাব
বৈঠকে ইউক্রেন পরিস্থিতি ছাড়াও ইরান এবং অর্থনৈতিক সহযোগিতা প্রসারে আলোচনা হয়েছে। ক্রেমলিন জানায়, পুতিন ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সুসম্পর্ক কাজে লাগিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিরসনে নতুন চুক্তি সম্ভব বলেও মন্তব্য করেন পুতিন।
এছাড়া মার্কিন কৃষকদের সুবিধার্থে বিপুল পরিমাণ সার সরবরাহের প্রস্তাবও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আগামী মাসে চীনে প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের বিষয় নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।
তবে নতুন এই আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু টানাপোড়েন দৃশ্যমান হয়েছে। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে বিঘ্ন ঘটানোর অভিযোগ তুলেছে কিয়েভ। যদিও মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ইউক্রেনের স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্টারলিংক’ ব্যবহারের সুযোগ প্রত্যাহার করা হয়নি। নতুন এই উদ্যোগ স্থায়ী শান্তির মুখ দেখবে কি না, তা নির্ভর করছে উভয় পক্ষ মূল দাবিগুলোতে কতটা ছাড় দিতে প্রস্তুত তার ওপর।
(সূত্র: রয়টার্স)