দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিতে ধানের চারা রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলোয়ার নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি জমিতেই সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিশ্রমী এই কৃষকের আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।