দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, কেরানীগঞ্জে অভিযান চালিয়ে মিতুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিতু আক্তার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে থানায় রাখা হয়েছিল।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে মিতু কৌশলে থানার গেটের তালা খুলে চম্পট দেন। নারী আসামি হওয়ার কারণে তার হাতে হ্যান্ডকাফ পরানো ছিল না, আর এই সুযোগটিকেই কাজে লাগান তিনি।
থানা থেকে আসামি পালিয়ে যাওয়ার এই ঘটনায় চরম গাফিলতির অভিযোগে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে পুলিশ।