দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) তিন দিনব্যাপী ভর্তি মেলা সম্পন্ন হয়েছে। ফল সেমিস্টার-২০২৬ উপলক্ষে আয়োজিত এই মেলায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা ফি-এর ওপর ৬০ শতাংশ ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় উপহার গ্রহণ করেন।
গত ১৯ আগস্ট শুরু হওয়া এই মেলা ২১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতা এবং জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী, রেজিস্ট্রার রাজিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার মো. খোরশেদ আলী এবং প্রক্টর ও ভর্তি মেলার আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভা বিকাশে ক্যারেম, ডার্টস, পেনাল্টি শুটআউট, কুইজ, বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উল্লেখ্য, সমুদ্রতীরের এই একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আইন, ইংরেজি, সিএসই, বিবিএ, ইসলামিক স্টাডিজ ও ট্যুরিজমসহ বিভিন্ন বিষয়ে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। মেধা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এখানে পূর্ণ স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।