বাংলার আকাশ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় ঝড়ে ছিঁড়ে পুকুরে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে চাঁন বাদশা ও রিয়ান নিয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ সময় আরও এক শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত।
আশুগঞ্জ থানার তদন্ত পরিদর্শক আবু হেনা মো. মোস্তফা রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার পুকুরে পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।