বাংলার আকাশ ডেস্ক :
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি বিপ্লবের সুবিধা নিয়েও সেই আন্দোলনের চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখা।
মামুনুল হক বলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি জুলাই সনদের মূল কাঠামোকে দুর্বল করার চেষ্টা করেছে। তার দাবি, দীর্ঘ আলোচনার পর যে ঐকমত্যে পৌঁছানো হয়, সেখানে একটি রাজনৈতিক দলের আপত্তির কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূল সনদে অন্তর্ভুক্ত হয়নি।
তিনি আরও বলেন, একটি পক্ষ অতীতের মতো রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যাতে জনগণের অধিকার নিয়ে শক্ত অবস্থান তৈরি করা না যায়। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
বর্তমান পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। মামুনুল হকের অভিযোগ, জনমত প্রকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিরোধী অবস্থানকে দুর্বল করার চেষ্টা চলছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা পূর্ব জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা অলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কয়েকজন কেন্দ্রীয় নেতা।