বাংলার আকাশ ডেস্ক :
ভারতের রাজস্থান রাজ্যে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেলার ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যমতে, ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি ট্রেলার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাস ও ট্রাক—উভয় যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। সংঘর্ষের সময় বাসের ওপরের বার্থে থাকা কয়েকজন যাত্রী ছিটকে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়ার সুযোগ পাননি।
দুর্ঘটনার পর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের অধিকাংশই নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসচালক ঘুমিয়ে পড়া অথবা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উদ্ধারকারী ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করায় হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে। তাদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।