বাংলার আকাশ ডেস্ক :
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়নের বার্তা নিয়ে ফরিদপুরে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার প্রত্যয় নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের সুরক্ষায় গাছের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, পরিবেশের বিপর্যয় রোধে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলেই চলবে না। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং সেটির সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান।
“শুধু গাছ লাগালেই হবে না, সেটিকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ।”
কর্মসূচিতে জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এরপর জেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।