বাংলার আকাশ ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে লিউ হাইক্সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
লিউ হাইক্সিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধি, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, জনগণের মধ্যে সম্পর্ক এবং জীবনমান উন্নয়নের মতো ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং বাংলাদেশের জনগণের উন্নত জীবন ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।