বাংলার আকাশ ডেস্ক :
সেবার গুণগত মানের দৃশ্যমান উন্নয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. তানসিভ জুবায়ের নাদিমকে সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এই অর্জনকে স্বীকৃতি জানিয়ে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভাঙা উপজেলার সাফল্য জেলার অন্যান্য উপজেলার জন্য অনুকরণীয় উদাহরণ। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্মাননা গ্রহণ করে ডা. তানসিভ জুবায়ের নাদিম তাঁর এই অর্জনের পেছনে সহকর্মীদের সহযোগিতা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি ভবিষ্যতেও জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারাও তাঁকে অভিনন্দন জানান এবং নিজ নিজ কর্মস্থলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ডা. তানসিভ জুবায়ের নাদিমের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়।