বাংলার আকাশ ডেস্ক :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি মরিচ ক্ষেতের ভেতর থেকে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার একটি চরাঞ্চলে অভিযান চালিয়ে গাছটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মরিচ ক্ষেতের মধ্যে বড় আকারের গাঁজা গাছটি শনাক্ত করে জব্দ করা হয়।
স্থানীয়দের দাবি, দুধকুমার নদের তীরবর্তী চরে কৃষিকাজের পাশাপাশি গোপনে গাছটি রোপণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে পরিচর্যার ফলে এটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তবে পূর্ণাঙ্গভাবে পরিপক্ব হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আরও কোথাও অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, অধিক লাভের আশায় কিছু মানুষ মাদকজাতীয় গাছের চাষে জড়িয়ে পড়ছেন। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, মাদক উৎপাদন ও পাচার রোধে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে।