বাংলার আকাশ ডেস্ক :
দলে সুযোগ পেয়েই নিজের দক্ষতার পরিচয় দিলেন ব্রাজিলের ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। হাইতির বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে দলের আক্রমণভাগকে শক্তিশালী করেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণে চাপ তৈরি করে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়ার শটে বল জালে গেলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রাফিনিয়া। তবে এর পরের মিনিটেই গোলের দেখা পায় দলটি।
ভিনিসিউস জুনিয়রের শট থেকে পাওয়া ফিরতি বলে দ্রুত শট নিয়ে হাইতির জালে বল পাঠান মাতেউস কুনিয়া। এই গোলেই এগিয়ে যায় ব্রাজিল।
প্রথমার্ধের ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনিয়া। ভিনিসিউসের দারুণ পাস কাজে লাগিয়ে নিখুঁত শটে ব্যবধান বাড়ান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
এরপর চোটের কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করেন ভিনিসিউস জুনিয়র। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা।
কুনিয়ার জোড়া গোল ও ভিনিসিউসের অসাধারণ পারফরম্যান্সে ব্রাজিল আক্রমণভাগে শক্তিশালী উপস্থিতি জানান দেয়। নতুন খেলোয়াড়দের কার্যকর ভূমিকা দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।