বাংলার আকাশ ডেস্ক :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স রওয়ানা হয়।
মির্জা আব্বাসের সহকারী মিজানুর রহমান সোহেল জানান, চার ঘণ্টার পথে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে পৌঁছানো হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
এর আগে গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।