বয়স সবে ১৭, কিন্তু সবুজ গালিচায় নিজের নৈপুণ্যে যেন বয়সকেও ছাড়িয়ে যাচ্ছেন কাভান সুলিভান। একের পর এক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের প্রতিভার জানান আগেই দিয়েছিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ তুর্কি। এবার মিলল তারই আনুষ্ঠানিক স্বীকৃতি—২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।
চলতি মৌসুমে এমএলএসের মঞ্চে দ্যুতি ছড়িয়ে ২৯ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। সব মিলিয়ে ২৩টি গোলে প্রত্যক্ষ অবদান রেখেছেন তিনি, যা লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড। এ ছাড়া তাঁর করা ১৪টি অ্যাসিস্টও কিশোর ফুটবলারদের মধ্যে লিগের এক মৌসুমের সর্বোচ্চ কীর্তি।
মাঠের পারফরম্যান্সে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে টানা ১০ ম্যাচে গোল করেছেন কিংবা গোলে সহায়তা করেছেন সুলিভান। কিশোর ফুটবলারদের ক্ষেত্রে এটিও এমএলএসের ইতিহাসে দীর্ঘতম ধারাবাহিকতার রেকর্ড। এমন চোখধাঁধানো পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই পুরস্কার জিতে গড়েছিলেন নতুন এক নজির।
ক্লাব ফুটবলের সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা করে নেন। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে গোল করে বনে গেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা; যেদিন তাঁর বয়স ছিল ১৭ বছর ৫ দিন।
এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কারটি চালু হয়েছে ২০২০ সালে। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করলেন সুলিভান। একই সঙ্গে ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে তিনি হয়েছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী। এই পুরস্কার জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার পেছনে ফেলেছেন নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ জুলিয়ান হল ও আদি মেহমেতিকে।