গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রমিক মৃত্যুর গুজবের জেরে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সে সময় পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন এবং পরবর্তীতে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারা মহাসড়কের এই দুটি স্থানে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবি জানাতে থাকেন।