আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের সঠিক পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও রক্তের নেশায় মত্ত হয়েছেন এবং লুটের টাকায় কিশোর গ্যাংকে ব্যবহার করে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। তাঁর দাবি, শেখ হাসিনার কথিত ফেরাকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা বোনা হচ্ছে। এ ছাড়া তিনি আওয়ামী লীগকে খুন, গুম, হত্যা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক বলেও মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা প্রশ্ন রাখেন, মুক্তিযুদ্ধ কি পিন্ডির কাছ থেকে বের হয়ে এসে দিল্লির দাসত্ব করার জন্য ছিল? তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন এবং মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তাঁর পরিবার পাকিস্তানের ভাতা খেয়েছে। রিজভীর অভিযোগ, মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই এবং পাকিস্তানের ক্ষমতার জন্য একের পর এক বৈঠক করেছিলেন শেখ মুজিব।
তিনি আরও বলেন, বাবার তৈরি করা বাকশাল পুনর্জীবিত করেছিলেন শেখ হাসিনা এবং বাবার পথ অনুসরণ করেই তিনি গুম ও খুন শুরু করেছিলেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।