বাংলার আকাশ ডেস্ক :
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের পক্ষ থেকে ছোড়া একাধিক ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।
শনিবার (১৩ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালী এলাকায় একাধিক ড্রোন শনাক্ত করা হয়। এসব ড্রোন বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল বলে দাবি করা হয়েছে।
সেন্টকম আরও জানায়, দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ড্রোনগুলো ধ্বংস করা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করা হয়।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো উন্মুক্ত আছে বলেও উল্লেখ করা হয়।
ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার গতি বাড়ানোর চেষ্টা চলছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষ আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও বাস্তব পরিস্থিতিতে উত্তেজনা কমার লক্ষণ নেই।
বিশ্লেষকদের মতে, আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনা চলতে থাকায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এখানে যেকোনো ধরনের সংঘাত আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়।
এর আগেও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে এবং কিছু নজরদারি স্থাপনায় হামলার কথাও জানিয়েছিল। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।