বাংলার আকাশ ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার ছাপড়হাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মিজানুর রহমান (২৪)। তিনি দক্ষিণ মরুয়াদহ গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ বলে এলাকায় পরিচিত।
অভিযোগ রয়েছে, মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটি ছবি ও মন্তব্য পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে অভিযুক্ত যুবক থানা হেফাজতে রয়েছেন। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টির প্রকৃত অবস্থা জানতে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।