দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও নতুন করে বিভিন্ন কৌশলগত স্থানে একের পর এক হামলার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার অতিক্রম করেছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম ২.৭৭ শতাংশ বা ২.৯০ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.২৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ১০২.৩২ ডলারে। লেনদেনের শুরুতে এই বৃদ্ধির হার ৩ শতাংশেরও বেশি ছিল। এর ফলে গত জুলাই মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারের শীর্ষ দুটি ক্রুড অয়েলের দামই একসঙ্গে ১০০ ডলার ছাড়াল।
যেসব কারণে সরবরাহ নিয়ে চরম উদ্বেগ:
আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদি প্রভাবের আশঙ্কা: সৌদি আরবে হুতিদের আক্রমণ, আন্তর্জাতিক নৌপথে নৌযান ও জাহাজে হামলা এবং হরমুজ প্রণালির মতো প্রধান দুটি প্রবেশদ্বারে তৈরি হওয়া এই সংকটে গত এক সপ্তাহেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত থামানো না গেলে জ্বালানির দর আরও লাফিয়ে বাড়ার পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে খুচরা ডিজেলের দাম প্রতি গ্যালনে রেকর্ড ৬ ডলার ছাড়িয়ে গেছে, যার সরাসরি ধাক্কা পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে।