বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৪ বছর বয়সী সাব্বির শেখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বিকেলে তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মাঠ গঙ্গাধরদী গ্রামের মিলন শেখের ছেলে। সে জান্দি গ্রামের চুন্নু চৌধুরীর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৪:৪৫ মিনিটে সে বড় ভাই রাব্বি শেখের কাছে কিছু টাকা চায়। টাকা না মেলায় অভিমান করে সে নিজের কক্ষে চলে যায়। পরে ৫:১৫ মিনিটের দিকে সাব্বিরের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে বড় ভাই দরজা বন্ধ দেখেন। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, সাব্বির ফাঁস দিয়ে ঝুলে আছে।
পরবর্তীতে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।