বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের ভূমিকা নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে মেন্টর তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।
তারা বলেন, ইয়াবা, আইস, গাঁজা, হেরোইন, কোকেনসহ বিভিন্ন মাদক অবৈধভাবে দেশে প্রবেশ করছে। এসব মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সচেতনতা বৃদ্ধি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব বলেও তারা মত দেন।
কর্মশালা শেষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় মেন্টর তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সবাইকে এ কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।