বাংলার আকাশ ডেস্ক:
ফরিদপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাশেদ আলীর মৃত্যুতে জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ অগ্ন্যাশয়ের প্রদাহজনিত অসুস্থতায় আক্রান্ত হলে তাকে প্রথমে ফরিদপুর পুলিশ হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ১৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা বিকেল ২টা ৩০ মিনিটে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পুলিশ সুপার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।