বাংলার আকাশ ডেস্ক :
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে শ্রমিকরা অবস্থান নেন। পরে তারা সড়কে বসে বিক্ষোভ শুরু করলে আশপাশের পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। এতে প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলোতেও যান চলাচল স্থবির হয়ে যায়।
ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে এবং অবরোধ তুলে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।