বাংলার আকাশ ডেস্ক :
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।
মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে ভেন্টিলেশন ও অক্সিজেন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনের উপরের বেকারি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে বলেও জানানো হয়।
সংগঠনটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে থাকা ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে জামালুন্নেসা-কে, যিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন।
অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এর আগে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সরকারের তদন্ত প্রতিবেদনে অবহেলা ও ব্যবস্থাপনা ঘাটতির অভিযোগ উঠে আসে। পরে স্বাস্থ্য কর্তৃপক্ষের সিদ্ধান্তে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয় এবং প্রশাসনিক পুনর্গঠন শুরু হয়।
আদ্-দ্বীন ফাউন্ডেশন জানিয়েছে, তারা সরকারের নির্দেশনা অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবস্থাপনা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে।
সংগঠনটি আরও জানায়, তাদের অধীনে একাধিক হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হাজারো চিকিৎসক, নার্স ও শিক্ষার্থী এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করেছে, ভবিষ্যতে রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।