বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় খলিল সরদার নামের এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠেরপুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাখাওয়াত হোসেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মরহুম তনির শাহের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত যাত্রী খলিল সরদারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি শেষ করে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন সাখাওয়াত। পথিমধ্যে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাসের সঙ্গে তাঁর অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চালক সাখাওয়াত ও যাত্রী খলিল উভয়েই গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় খলিল সরদারকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এই দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।