ছবি : সংগৃহীত।
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আবারও একই গ্রুপে জায়গা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নতুন টুর্নামেন্ট ফরম্যাটের কারণে গ্রুপ পর্ব পেরিয়ে টুর্নামেন্টের বিভিন্ন ধাপে দুই দলের একাধিকবার মুখোমুখি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে।
গ্রুপ বিন্যাস ও প্রথম লড়াই ২০২৭ সালের বিশ্বকাপে ১৪টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং একটি বাছাইপর্বের দল। অন্যদিকে, ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বাছাইপর্ব থেকে আসা আরেকটি দল।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
সুপার সেভেন ও নকআউট পর্বের সমীকরণ ২০২৭ বিশ্বকাপে নকআউট পর্বের আগে মোট তিনটি ধাপে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে প্রতি গ্রুপের শীর্ষ তিন দল এবং সেরা চতুর্থ দলটি উঠবে সুপার সেভেন পর্বে। সুপার সেভেনে ওঠা এই সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে এবং সেখান থেকে সেরা চার দল যাবে সেমিফাইনালে।
ভারত ও পাকিস্তান উভয় দলই যদি নিজেদের পারফরম্যান্স ধরে রেখে সুপার সেভেনে জায়গা করে নেয়, তবে ৭ নভেম্বর কেপ টাউনে দ্বিতীয়বারের মতো তাদের দেখা হতে পারে। এরপর সেমিফাইনাল বা ফাইনালে একে অপরের মুখোমুখি হলে টুর্নামেন্টে তাদের দেখা হওয়ার মোট সংখ্যা দাঁড়াতে পারে সর্বোচ্চ তিন বা চারটিতে।
বিশ্বকাপের আগে এশিয়া কাপের রোমাঞ্চ শুধু বিশ্বকাপই নয়, ২০২৭ সালের মূল আসরের পাঁচ মাস আগেই এশিয়া কাপে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। সেখানেও গ্রুপ পর্ব এবং ফাইনাল মিলিয়ে দুই থেকে তিনবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার অপেক্ষায় থাকতে পারেন ক্রিকেটপ্রেমীরা।