দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
অপ্রাপ্তবয়স্কদের জড়িয়ে আপত্তিকর যৌন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেনসিও। স্পেনভিত্তিক গ্রান কানারিয়ার লাস পালমাসের একটি আদালত তাঁকে সব ধরণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে ঘটা এক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ এবং তা পরবর্তীতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। ওই একই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় আসেনসিওর সাবেক তিন রিয়াল মাদ্রিদ একাডেমি সতীর্থকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত তিনজনকে আচরণ সংশোধনমূলক কোর্সে অংশ নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের কাছ থেকে দুই বছর নির্দিষ্ট দূরত্বে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করে রাউল আসেনসিও জানান, দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে সত্য উন্মোচিত হয়েছে। বিচার চলাকালীন সময়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় চরম মানসিক চাপের মধ্যে থাকতে হয়েছিল উল্লেখ করে তিনি এই অধ্যায়ের ইতি টেনে ক্যারিয়ারে মনোযোগ দিতে চান বলে জানান।
তবে স্বস্তির খবরের মাঝেও মাঠের বাইরে আরেকটি ঘটনায় বিপাকে পড়তে হয়েছে এই স্প্যানিশ ফুটবলারকে। পৃথক এক মামলায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আসেনসিওকে জরিমানা করার পাশাপাশি আগামী আট মাসের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স স্থগিত করেছেন আদালত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্লাব রিয়াল মাদ্রিদও তাঁর ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল কোচ।