দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে মূল জাতীয় দলকেই পাঠাচ্ছে বিসিবি। চোট কাটিয়ে আবারও ২০ ওভারের ফরম্যাটে অধিনায়ক হয়ে ফিরেছেন ওপেনার লিটন কুমার দাস, আর সহ-অধিনায়কের ভার তুলে দেওয়া হয়েছে তাওহীদ হৃদয়ের কাঁধে।
বিসিবির ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক নাজমুল হোসেন শান্তর ফেরা। গত বছরের মে মাসের পর দীর্ঘ ১৫ মাস টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের দুর্দান্ত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও দলে স্থান ধরে রেখেছেন। টপ অর্ডারে লিটন ও শান্তর পাশাপাশি আস্থা রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং সাইফ হাসানের ওপর।
স্পিন ও অলরাউন্ডার বিভাগে জায়গা পেয়েছন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অন্যদিকে চার পেসার নিয়ে সাজানো হয়েছে বোলিং বিভাগ—মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
তবে শতভাগ ফিটনেস না থাকায় ১৫ সদস্যের এই চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি তরুণ গতি তারকা নাহিদ রানাকে। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয়ে এই টুর্নামেন্ট থেকে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনই এখন বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য।