বাংলার আকাশ ডেস্ক :
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে উল্টো পথে চলা একটি ট্রাকের ধাক্কায় কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সায়দাবাদ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নুরুল ইসলাম সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক উল্টো লেন ব্যবহার করে দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টা করলে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করে এবং চালককে গ্রেফতার করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহত পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও দায় নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উল্টো পথে যানবাহন চলাচল রোধে মহাসড়কে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তারা উল্লেখ করেছেন।