বাংলার আকাশ ডেস্ক :
মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকবর মন্ডল (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকবর মন্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আকবর মন্ডলের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের বিরোধ চলছিল। সোমবার সকালে আকবর মন্ডল মাঠে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী জানান, হাসপাতালে আনার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাটি সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।