ফরিদপুরের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও স্মরণীয় ‘অভিভাবক দিবস’ উদযাপিত হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও নৈতিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। এ ছাড়া, শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা এবং সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিভাবকরা তাঁদের সুচিন্তিত মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের গঠনমূলক পরামর্শ ও আন্তরিক সহযোগিতাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। সবশেষে সবার অংশগ্রহণে দুপুরের প্রীতিভোজের মধ্য দিয়ে এই প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।