ফরিদপুর জেলার ভাঙ্গা ও কোতয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ২১০ বোতল অবৈধ উইনসেরেক্স ও স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল ১৩ নভেম্বর ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮৮ বোতল উইনসেরেক্স সিরাপসহ বাসচালক আবু বক্কার সিদ্দিককে (৩৬) আটক করা হয়। তার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম এলাকায়।
একই দিন অপর এক অভিযানে কোতয়ালী থানার হাবেলী গোপালপুর এলাকায় রেল স্টেশনসংলগ্ন স্থান থেকে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৭২ বোতল উইনসেরেক্স সিরাপসহ ইসমাইল হোসেন বাদলকে (৫৫) আটক করা হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া এলাকায়। এছাড়া কোতয়ালী থানার পশ্চিম গঙ্গাবদ্ধি এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আরও ৫০ বোতল উইনসেরেক্স ও স্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজে শান্তি ও সুশৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।