ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন ছাড়াই দুই বছরেরও বেশি সময় ধরে সিসা উৎপাদনের একটি কারখানা পরিচালিত হচ্ছে। আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত এই কারখানাটির বাইরে কোনো সাইনবোর্ড কিংবা প্রতিষ্ঠানের পরিচয়মূলক নামফলক নেই।
এর আগে ২০২৫ সালের ২৭ আগস্ট প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজন বাংলাদেশি ও তিনজন চীনা নাগরিককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে কিছুদিন বন্ধ থাকার পর কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। পরিবেশ অধিদফতর জানিয়েছে, কারখানাটির পরিবেশগত অনুমোদনের আবেদন ইতোমধ্যে বাতিল করা হয়েছে। এরপরও কীভাবে কারখানাটির কার্যক্রম চালু রয়েছে, তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
টানা দুই মাসের অনুসন্ধানে কারখানাটির অনুমোদনহীন কার্যক্রম, পরিবেশদূষণের অভিযোগ, প্রশাসনের পূর্ববর্তী অভিযান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য উঠে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং এলাকাবাসী শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। প্রশাসনের নাকের ডগায় এত দীর্ঘ সময় ধরে কীভাবে এমন একটি কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটি বাইরে থেকে দেখলে ভেতরে কী উৎপাদন হচ্ছে তা বোঝার কোনো উপায় নেই। সেখানে নেই কোনো নামফলক, ব্যানার কিংবা পরিচিতিমূলক সাইনবোর্ড। কিন্তু ভেতরে প্রবেশ করলে সিসা উৎপাদনের পুরোদস্তুর কার্যক্রম চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, চীনা নাগরিকদের তত্ত্বাবধানে দুই বছরেরও বেশি সময় ধরে এখানে উৎপাদন চললেও পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কোনো অনুমোদনের দৃশ্যমান নথি নেই।
এলাকাবাসীর দাবি, কারখানাটির নির্গত ধোঁয়া ও বর্জ্যের কারণে এলাকার বায়ু ও জলাশয় দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সেই সঙ্গে স্থানীয়দের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। স্থানীয়রা জানান, কারখানার জমির মালিক বুলবুল সিকদার এবং কোম্পানির দোভাষী আনোয়ারকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধানের বদলে কেবল আশ্বাসই মিলেছে।
অভিযানের পরও থামেনি উৎপাদন কারখানাটির বিরুদ্ধে এর আগে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে তিনজন বাংলাদেশি ও তিনজন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে আপিল করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের আদালতে ‘আশুগঞ্জে আর এই কারখানা চালাবেন না’—এমন শর্তে ছয় দিনের মাথায় জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে তারা জামিনে মুক্তি পান। অভিযানের পর কিছুদিন উৎপাদন বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও কারখানাটি চালু করা হয়।
এ বিষয়ে ২০২৬ সালের ১৪ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদকে অবহিত করা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। সে সময় তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবর্তন হয়েছেন এবং নতুন ইউএনও যোগদান করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই আশ্বাসের এক মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। পরবর্তীতে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি আর কল রিসিভ করেননি।
জমির মালিকের পাল্টা যুক্তি এ প্রসঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, পরিবেশদূষণের অজুহাতে ড্রায়ার মালিকদের হয়রানি করা হলেও এই সিসা কারখানার দূষণ দেখার যেন কেউ নেই। যে মালিক কারখানার জন্য জায়গা ভাড়া দিয়েছেন, আগে তাঁকেও আইনের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি।
কারখানাটির জন্য জমি ভাড়া দেওয়া মালিক বুলবুল সিকদারের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকের ওপর চড়াও হন। তাঁর দাবি, সারা দেশে ৫০টির বেশি সিসা কারখানা রয়েছে, যার মধ্যে মাত্র একটির ছাড়পত্র আছে। অন্য কারখানাগুলো চলতে পারলে তাঁর জায়গায় থাকা কারখানাটি কেন চলবে না—এমন প্রশ্ন তোলেন তিনি।
অন্যদিকে, চীনা কোম্পানির পার্সেজ ম্যানেজার ও দোভাষী আনোয়ার হোসেনের কাছে পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, তাঁদের পরিবেশ ছাড়পত্র এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকারের (বিডার) অনুমতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুমোদনের আবেদন বাতিল করেছে পরিবেশ অধিদফতর কারখানাটির পরিবেশগত অনুমোদনের বর্তমান অবস্থা জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উপপরিচালক নাজিম হোসেন শেখ স্পষ্ট জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনের জন্য আবেদন করলেও তাদের সেই আবেদন বাতিল করা হয়েছে। ‘কমলা শ্রেণিভুক্ত’ হওয়ায় এ ধরনের কারখানার অনুমোদন দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
পরিবেশ অধিদফতরের এই বক্তব্যে এটি পরিষ্কার যে কারখানাটির অনুমোদনের আবেদন গ্রহণ করা হয়নি, বরং বাতিল করা হয়েছে। এরপরও সেখানে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকায় প্রশাসনিক নজরদারি ও আইনগত পদক্ষেপের ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন জানান, তিনি সম্প্রতি নতুন যোগদান করেছেন এবং কারখানাটির বিষয়ে আগে অবগত ছিলেন না। তবে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো কারখানা রাখার পক্ষে তিনি নন এবং এ ব্যাপারে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন বলে জানান।
একদিকে পরিবেশ অধিদফতরের অনুমোদন না থাকা, অন্যদিকে প্রশাসনের অভিযান ও আশ্বাসের পরও কারখানাটির উৎপাদন বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দেশের অন্য কোথাও অনিয়ম চলার উদাহরণ টেনে আশুগঞ্জেও আইন অমান্য করে কারখানা চালানোর সুযোগ আছে কি না, অনুমোদন বাতিল হওয়ার পরও কীভাবে উৎপাদন চলছে এবং কারাদণ্ডের পরও কারখানাটি কীভাবে পুনরায় চালু হলো—এমন নানা প্রশ্ন সামনে এসেছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন আশুগঞ্জের বাসিন্দারা।