দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি আজ সাময়িকভাবে দমকা হাওয়া বইতে পারে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা বা সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।