দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
সমস্যায় জর্জরিত পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলের একাধিক খেলোয়াড়ের ব্যক্তিগত মোবাইল ফোন নিজেদের জিম্মায় নিয়েছে বোর্ড। ‘৩৬৫ নিউজ’-এর পাকিস্তানি সাংবাদিক আম্বার আলীর প্রতিবেদন অনুযায়ী, টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ফোনগুলো বোর্ডের কাছেই থাকবে। তবে ঠিক কী কারণে বা কোন তদন্তের স্বার্থে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
দ্বিতীয় টেস্টের পর আগেই স্কোয়াড থেকে সাত খেলোয়াড় ও দুই কোচকে বাদ দিয়ে তোপের মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার মাধ্যমে পিসিবির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ আরও জোরালো হলো। খেলোয়াড়দের ব্যক্তিগত যোগাযোগে পিসিবির এই হস্তক্ষেপ তাদের আইনি এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলছে।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বচ্ছতা বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত যোগাযোগ বন্ধে আইসিসির নির্দিষ্ট নীতিমালার অধীনে ম্যাচের দিনে ড্রেসিংরুমে মোবাইল ব্যবহার নিষিদ্ধ থাকে। তবে সফর চলাকালীন ম্যাচ বহির্ভূত সময়ে খেলোয়াড়দের ফোন জব্দ করার মতো সিদ্ধান্ত আইসিসির নিয়মকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।