দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে থাকায় এবার পরিবারকে ছাড়া জন্মদিন উদযাপন করতে হলো জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে। ৫ সেপ্টেম্বর অর্ল্যান্ডোতে আয়োজিত ‘ফোবানা’ কনভেনশনে গান পরিবেশনের মধ্য দিয়েই কাটে তাঁর বিশেষ দিনটি। পরদিনই লস অ্যাঞ্জেলেসে ছিল আরেকটি শো। ব্যস্ততম এই সময়ে প্রবাসীদের ভালোবাসা ও বিশেষ সারপ্রাইজে ভাসলেও, ছোট্ট মেয়ে ইনায়াকে দূরে রাখার কষ্ট যেন কিছুতেই ভুলতে পারছিলেন না এই তারকা।
জন্মদিনে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে ইমরান জানান, বিশেষ দিনে মেয়েকে কাছে না পেয়ে একজন বাবা হিসেবে বুকচাপা কষ্ট অনুভব করছেন তিনি। বিশেষ করে, এই জন্মদিনের সাথেই তাঁর মেয়েকে পাওয়ার স্মৃতি জড়িয়ে থাকায় দিনটি তাঁর কাছে আরও বেশি সংবেদনশীল। তবে দূর দেশে থেকেও সহশিল্পী কণা, অভিনেতা জায়েদ খান, সুরকার ইমন সাহা, নির্মাতা এস এ অলক, তাঁর ব্যান্ড ‘কিংস’-এর সদস্য ও ফোবানার আয়োজকদের ভালোবাসায় প্রবাসেই এক টুকরো নতুন পরিবার খুঁজে পেয়েছেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২০টি কনসার্টের ব্যস্ত সূচির মাঝেও দেশ-বিদেশের সব ভক্ত ও বন্ধুদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইমরান। ব্যস্ততার কারণে সবার বার্তার উত্তর একবারে দিতে না পারলেও, ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় তিনি নিজেকে অত্যন্ত সুখী মনে করছেন।