প্রায় দেড় যুগ ধরে মাত্র ১ টাকায় ইফতারি বিক্রি করছে খুলনার ইকবাল হোটেল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের এই সময়েও নিম্ন আয়ের মানুষদের জন্য এ ব্যবস্থা চালু রেখেছে ১২ বন্ধু। তাঁরা ভিন্নধর্মাবলম্বী হলেও ভর্তুকিতে সবার সমান অংশগ্রহণ।
দৌলতপুরের মহেশ্বরপাশা কালীবাড়ি বাজারে ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। স্বত্বাধিকারী ইকবাল হোসেন। অকৃতদার মানুষটি দেড় যুগ আগে নিম্ন আয়ের মানুষদের জন্য কম দামে ইফতারসামগ্রী বিক্রি শুরু করেন। ইকবালের সঙ্গে এখন যোগ হয়েছেন আরও ১১ জন। সবাই স্থানীয় বাজারে ছোটখাটো ব্যবসা করেন।
ঐতিহ্যবাহী বা বিশেষ কোনো আইটেম না, রমজান মাসে ইকবাল হোটেলে বিক্রি হয় পেঁয়াজু, বেগুনি, আলুর চপের মতো সাধারণ ইফতারি। তারপরও প্রতিদিনই এ সময় হোটেলটার সামনে দীর্ঘ লাইন পড়ে। কারণ, যে পদই নেওয়া হোক, দাম মাত্র এক টাকা।
দেড় যুগ আগে ইফতারসামগ্রীর যা দাম ছিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হওয়ার পরও এখনো তা-ই আছে। তবে এ জন্য দিতে হয় ভর্তুকি। চানরাতে তাঁরা একটা হিসাব করেন। যে ঘাটতি থাকে, ১২ জন মিলে সেটা দিয়ে দেন। আর ইফতারসামগ্রী তৈরি ও বিক্রির প্রক্রিয়ায় সবাই মিলে শ্রম দেন। ১২ জনের দলে মুসলমানদের বাইরে আছেন ৩ জন হিন্দু আর ১ জন খ্রিষ্টধর্মাবলম্বী মানুষ।