দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ওয়েব সিরিজ কিংবা বড় পর্দা—দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী সায়নী গুপ্ত। এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন এই বাঙালি অভিনেত্রী। ‘আর্য্য’ নামের একটি হলিউড চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পা বাড়ালেন হলিউডে।
সিনেমাটি পরিচালনা করছেন নীল তুলি। চিত্রনাট্য সাজানো হয়েছে ‘আর্য্য সিনহা’ নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে, যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সায়নীকে। অভিনয়ের পাশাপাশি এই সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্বও পালন করছেন তিনি।
‘আর্য্য’ সিনেমার গল্পে দেখা যাবে—নিজের ক্যারিয়ার ও উচ্চাকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখতে অনিচ্ছা সত্ত্বেও একটি জটিল দায়িত্ব কাঁধে নিতে হয় আর্য্যকে। একটি প্রায় বন্ধ হয়ে যাওয়া স্কুল ব্যান্ডকে নতুন করে পুনরুজ্জীবিত করার দায়িত্ব পড়ে তার ওপর। পশ্চিমা পরিবেশ ও ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে। একপর্যায়ে নিজের ভেতরের ভয় ও নিরাপত্তাহীনতাকে জয় করে ঘুরে দাঁড়ায় একরোখা স্বভাবের এই শিক্ষিকা।
বর্তমানে সিনেমাটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সায়নী। নতুন এই অধ্যায় নিয়ে অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এমন একটি সুযোগের অপেক্ষায় তিনি দীর্ঘদিন ধরে ছিলেন। অসাধারণ চিত্রনাট্য ও চরিত্রটিতে পরিচালকেরা তাকে যোগ্য মনে করায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডট কম’ চলচ্চিত্রের মাধ্যমে সায়নী গুপ্তর অভিনয়জীবন শুরু হয়। এরপর ‘ফ্যান’, ‘জগ্গা জাসুস’, ‘জলি এলএলবি ২’, ‘আর্টিকল ১৫’ এবং বিশেষ করে ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি ও প্রশংসা পান। পাশাপাশি ‘ফোর মোর শটস প্লিজ’, ‘ইনসাইড এজ’ ও ‘দিল্লি ক্রাইম’-এর মতো জনপ্রিয় ওটিটি সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি।