দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এ ছুটি কার্যকর করা হয়েছে।
ছুটির আওতায় রয়েছে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। তবে এটি কোনো সরকারি সাধারণ ছুটি নয়, বরং ঐচ্ছিক ছুটি হিসেবে বিবেচিত।
জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ সব অধিভুক্ত কলেজ বন্ধ থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানও পৃথক নোটিশের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে।