দৈনিক বাংলার আকাশ ডেস্ক:
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, সাকিব দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “তিনি ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ—যে ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে অ্যালাইন হয়েছিলেন এবং এখনো অ্যালাইন থাকেন।” তিনি উল্লেখ করেন, দেশে ফিরলে সাকিব নিরাপত্তার সঙ্গেই তার বিরুদ্ধে থাকা অভিযোগের আইনি মোকাবিলা করতে পারবেন।
একই সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলেছেন, সে অনুযায়ী তিনি ফিরলে তাকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। একইসঙ্গে তার মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে এবং আদালতের দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন নিয়ে উপদেষ্টা বলেন, “আমরা হাসিনার মতো কোনো মাফিয়া বা ফ্যাসিস্ট রেজিম দেশে আর দেখতে চাই না এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র।”
তিনি জোর দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যিনিই হোন না কেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত নাগরিকেরও সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।